নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে মিতু ও ছোয়া নামের দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের চিতুলিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু মিতু (৪) ওই গ্রামের মোহনের মেয়ে ও ছোয়া (৬) সুমনের মেয়ে।
তারা সম্পর্কে চাচাতো বোন। প্রত্যক্ষদর্র্শীরা জানান, উপজেলার চিতুলিয়াপাড়া গ্রামের মোহন ও সুমনের মেয়ে একত্রে বাড়ির কাউকে না জানিয়ে পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। পরে ওই শিশুদের অভিভাবকরা বাড়িতে না পেয়ে তাদের খুঁজতে থাকেন।
একপর্যায় যমুনা নদীতে গেলে এক শিশুর লাশ ভাসতে দেখেন। পরে সেখানে আরেক শিশুর মরদেহও উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে শিশুদের প্রতি সতর্ক থাকার জন্য অভিভাবকদের পরামর্শ দেন।
