নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে আম দেয়ার প্রলোভনে গজারি বনের ভেতর নিয়ে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৯) শ্লীলতাহানীর অভিযোগে নূরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিতে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের মধ্য দেওবাড়ি গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত নূরুল ইসলাম ওই গ্রামের খোরশেদ আলমের ছেলে। এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ জুন) ওই শিক্ষার্থী বাড়ির পাশে খেলা করছিল। এমন সময় তিন সন্তানের জনক (প্রতিবেশী হিসেবে সর্ম্পকে নানা লাগে) নূরুল ইসলাম আম দেয়া কথা বলে বাড়ির পাশে আয়নাল হকের গজারি বনের ভেতর নিয়ে যায়। সেখানে কেউ না থাকার সুযোগে পরে নূরুল ইসলাম ওই ছাত্রীর শরীরের আপত্তিকর বিভিন্ন স্থানে হাত দেয়। পরে ওই ছাত্রীর আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে গেলে নূরুল ইসলাম পালিয়ে যায়।
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, স্কুলছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে মেয়ের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পরে পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে অভিযুক্ত নূরুল ইসলামকে আটক করে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।