শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
Homeজাতীয়কার্গো বিমানে পেঁয়াজ আমদানি করা হচ্ছে........প্রধানমন্ত্রী

কার্গো বিমানে পেঁয়াজ আমদানি করা হচ্ছে……..প্রধানমন্ত্রী

নিউজ টাঙ্গাইল ডেস্ক: পেয়াজের দামে লাগাম টানটে বিমানে করে পেঁয়াজ আমদানির কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেঁয়াজ বিমানে উঠে গেছে। কার্গো বিমান ভাড়া করে পেঁয়াজ আনা হচ্ছে। কাল-পরশু পেঁয়াজ এলে দাম কমে যাবে।
শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘যাদের কারণে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়েছে বা দাম বেড়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যখন ভালো থাকে তখন একটা শ্রেণি ষড়যন্ত্রে মেতে ওঠে। তারা কোনো না কোনোভাবে একটি ইস্যু তৈরি করে। এদেশের মানুষ ভালো থাকুক সুখে-শান্তিতে থাকুক তা একটা শ্রেণি চায় না। যারা এ ধরনের অপকর্ম করে তাদের বিষয়টিও এদেশের জনগণ দেখবে।
পাশের রাষ্ট্র ভারতে ১০০ রুপি কিলো পেঁয়াজের দামের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আমরা নানাবিধ ও কর্মসূচি ঘোষণা করেছি। শুধু শহর নয়, গ্রামের মানুষও যেন শহরের মতো সুবিধা পায় আমরা সে কর্মসূচি ঘোষণা করছি।
এর আগে সম্মেলনের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়। প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা জানান স্বেচ্ছাসেবক লীগ নেতা নির্মল রঞ্জন গুহ এবং গাজী মেজবাউল হক সাচ্ছু। এরপর পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়। শেখ হাসিনাকে উত্তরীয় পরিয়ে দেয়া হয়। পরিবেশন করা হয় দলীয় সংগীত ও নৃত্যানুষ্ঠান। শিল্পকলা একাডেমির শিল্পীরা এতে অংশ নেন।
সংগীতশিল্পী মমতাজ বেগম এমপি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অনুষ্ঠানে গান পরিবেশন করেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular