নিউজ টাঙ্গাইল ডেস্ক: স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে ঈদের কেনাকাটার জন্য শপিংমল ও দোকানপাট খুলে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, করোনাভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্য সবকিছু একটু থমকে গিয়েছিল। এরই মধ্যে আমরা ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা দিয়েছিলাম। সেটিকে আমরা ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করতে চাচ্ছি। কিন্তু যেহেতু রমজান মাস, এ রমজান মাসে যাতে কেনাবেচা চলতে পারে, তার জন্য দোকানপাট খোলা বা যেহেতু রোজার সময়, ঈদের কেনা বা সেহরি খাওয়া বা রোজার মাসে বাজারহাট করা, সেগুলো যাতে চলতে পারে, সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি রেখে সেগুলো খোলার নির্দেশ দিয়ে দিয়েছি। সোমবার রংপুর বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় এ কথা জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি জেলায় জেলাভিত্তিক যে সমস্ত ছোটখাটো ক্ষুদ্র শিল্প রয়ে গেছে সেগুলো তারা চালাতে পারবেন, সেইভাবে আমরা নির্দেশনা দিয়েছি। শেখ হাসিনা বলেন, আমাদের অর্থনীতির চাকাটা যাতে গতিশীল থাকে, সেখানে মানুষকে সুরক্ষিত রেখে, মানুষের স্বাস্থ্যের দিকে নজর রেখে সেগুলো যেন পরিচালিত হতে পারে তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া। এরই মধ্যে বেশ কতকগুলো নির্দেশনা আপনারা শিগগিরই পাবেন। এটা আমাদের কেবিনেট ডিভিশন থেকে ঘোষণা দেওয়া হবে। আমরা চাচ্ছি, আমাদের যেমন সরকারি অফিস আদালত সব সীমিত আকারে আমরা চালু করে দিচ্ছি। যাতে মানুষের কষ্ট না হয়। এবং সামনে ঈদ। ঈদের আগে কেনাকাটা বা যার যা দরকার সেগুলো যেন মানুষ করতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, খুব বেশি খোলামেলা সবার সঙ্গে মেশা বা এক জায়গায় জড়ো হওয়া, বা খুব বড় জনসমাগম করা এই জায়গা থেকে সবাইকে মুক্ত থাকতে হবে। কারণ সেখানে কিন্তু সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। আমরা ধীরে ধীরে কিছু শিল্প প্রতিষ্ঠান খুলে দিচ্ছি। যারা বের হবেন, তারা নিজে সুরক্ষিত থাকবেন, অপরকে সুরক্ষিত রাখবেন। আর বের হবার সময় অবশ্যই মাস্ক পরে বের হবেন।
তিনি বলেন, আমি আশাবাদী এবং আমি সবাইকে বলব, সবাই মিলে আমরা যদি কাজ করি, আমাদের যে অগ্রযাত্রা সেটা আমরা অব্যাহত রাখতে পারব। কাজেই সেদিকে আপনারা সবাই মনে জোর রেখে কাজ করবেন। সমস্যা আসবে, সমস্যা মোকাবেলা করেই আমাদের এগিয়ে যেতে হবে। আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করি। মনুষ্যসৃষ্ট অগ্নিসন্ত্রাস থেকে শুরু করে নানাধরনের দুর্যোগও আমরা মোকাবেলা করেছি। করোনাভাইরাসের এই দুর্যোগও ইনশাল্লাহ আমরা মোকাবেলা করে কাটিয়ে উঠতে সক্ষম হব।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বে অর্থনৈতিক স্থবিরতার কারণে দুর্ভিক্ষ দেখা দিতে পারে আশঙ্কা করে সরকার প্রধান বলেন, এই দুর্ভিক্ষের আশঙ্কা থেকে মুক্ত হওয়ার জন্য নিজের দেশকে যেমন আমরা রক্ষা করব পাশাপাশি অন্যান্য দেশ ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ আমাদের কাছে সহযোগিতা চেয়েছে, আমরা বিভিন্ন খাদ্য পাঠিয়েছি, সহযোগিতা পাঠিয়েছি এবং আরও হয়তো আমাদের পাঠাতে হবে। সেইজন্য আমাদের এক ইঞ্চি জমি যেন অনাবাদি পড়ে না থাকে।
কৃষিখাতে সরকার ঘোষিত প্রণোদনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ হাজার কোটি টাকার একটা প্রণোদনা সেখানে ডেইলি ফার্ম, পোল্ট্রি ফার্ম থেকে শুরু করে ক্ষুদ্র, মাঝারি কৃষক, যারা মৎস্য চাষ করেন, প্রত্যেকে যেন কিছু সুযোগ পান তার ব্যবসাটা চালাতে, সেদিকে লক্ষ রেখেই এই পাঁচ হাজার কোটি টাকার একটা বিশেষ প্রণোদনা দিচ্ছি আর তা ছাড়া নয় হাজার ৫০০ কোটি টাকা ইতোমধ্যে আমরা ভর্তুকিও দিচ্ছি।
শেখ হাসিনা বলেন, প্রায় ১০ লাখ মেট্রিক টন ধান আমরা সংগ্রহ করব। এর মধ্যে ২ লাখ ২০ হাজার মেট্রিক টন আতপ, ৮০ হাজার মেট্রিক টন গমসহ প্রায় ২১ লাখ মেট্রিক টন খাদ্যশস্য আমরা সংগ্রহ করব। ২১ লক্ষ মেট্রিক টন খাদ্য যদি আমরা সংগ্রহ করি তাহলে আশা করি আগামী কয়েক মাসের মধ্যে আমাদের আর খাওয়ার কোনো অসুবিধা হবে না। এরপর আমাদের সীমিত আকারে আউশ, আমন সেগুলোও আসবে বা অন্যান্য ফসল আসবে কাজেই বাংলাদেশে আর খাদ্যের অভাব যেন না হয় সেটা দেখতে হবে।
কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ায় ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই দুর্যোগে বিশেষ করে ছাত্রলীগ কৃষকের ধান কাটা ও করোনা প্রতিরোধে ব্যাপক ভূমিকা নিয়েছে। নিজের হাতে কাস্তে তুলে নিয়েছে। কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে। তিনি আরও বলেন, ছাত্রলীগের পাশাপাশি যুবলীগ, কৃষক লীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও মাঠে নেমে পড়েছে। পুলিশ বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে। ঝুঁকি নিয়ে তারা লাশ দাফন করছে। ইতোমধ্যে কয়েকজন পুলিশ মারা গেছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া যারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, সবাইকে ধন্যবাদ দেন। কয়েকজন মিডিয়াকর্মী আক্রান্ত হয়েছেন উল্লেখ করে বলেন, তারা নিজেদের সুরক্ষিত রাখবেন।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।