নিউজ টাঙ্গাইল ডেস্ক : টাঙ্গাইলের সখীপুরে অগ্রণী ব্যাংক নলুয়া বাজার শাখার একজন কর্মকর্তা কোভিডে আক্রান্ত হওয়ায় ও কয়েকজন কর্মকর্তা হোম আইসোলেশনে থাকায় আজ রোববার ওই শাখায় ব্যবস্থাপক ও মাত্র দুইজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। ফলে ওই শাখায় গ্রাহকরা লেনদেনে যেমন সীমাহীন দুর্ভোগে পড়েছেন তেমনি কর্মকর্তাদেরও গ্রাহকদের সামলাতে হিমসিম খেতে হয়েছে। ভাইরাসের সংক্রমণ এড়াতে ওই শাখাটি সাময়িকভাবে বন্ধ করার জন্য দাবি জানিয়েছেন গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তারা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান বলেন, গত ৩০ মে ওই ব্যাংক কর্মকর্তা সামান্য জ্বর, গলাব্যাথা নিয়ে স্বেচ্ছায় সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এসে নমুনা দিয়ে যান। গত শুক্রবার ওই ব্যাংক কর্মকর্তার ফলাফলে করোনা পজেটিভ আসে। পরে ওই কর্মকর্তার সংস্পর্শে আসা ওই ব্যাংকের কয়েকজনকে হোম আইসোলেশনে পাঠানো হয়।
অগ্রণী ব্যাংকের উপজেলার নলুয়া বাজার শাখার ব্যবস্থাপক আমিনুর রহমান জানান, প্রায় ১৫ হাজার গ্রাহকের এ শাখাটিতে ১১জন স্টাফ রয়েছে। কর্মকর্তা (ক্যাশ) করোনা শনাক্ত হওয়ায় ও কয়েকজন কর্মকর্তাকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। বর্তমানে দুইজন কর্মকর্তা রয়েছেন। বাকিরা নিরাপত্তা কর্মী ও অফিস সহায়ক। ব্যাংকের কর্মকর্তা করোনায় আক্রান্ত খবর জেনেও গ্রাহকের প্রচুর চাপ ছিল। ব্যবস্থাপকের দায়িত্ব বাদ দিয়ে আমি ওই দুই কর্মকর্তাকে সার্বক্ষণিক সহযোগিতা করেছি। ব্যাংক পাঁচটা পর্যন্তই খোলা ছিল। এছাড়াও করোনা শনাক্ত হওয়া ওই কর্মকর্তা নমুনা দিয়ে গত চারদিন ব্যাংকে ক্যাশের দায়িত্ব পালন করেছেন। ফলে আমাদের ব্যাংকের ১১জন স্টাফ ও তাঁদের পরিবারের স্ত্রী, সন্তানসহ অর্ধশত সদস্যদের সংক্রমিত হওয়ার চিন্তাও রয়েছে।
নলুয়া বাজারের একজন ব্যবসায়ী বলেন, আমি টাকা জমা দিতে গিয়েও লম্বা লাইনে তিন ঘণ্টা দাঁড়িয়েছিলাম। তারপরেও অনেক কষ্টে জমা দিয়েছি।
ঘেচুয়া এলাকার এক প্রবাসীর স্ত্রী সখিনা আক্তার বলেন, স্বামীর পাঠানো ৫০ হাজার টাকা তুলতে সকাল ১০ টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে কোমড় ব্যথা হয়ে গিয়েছিল। তিন ঘণ্টা পর টাকা না তুলেই ফিরে এসেছি।
অগ্রণী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আবু হাসান তালুকদার বলেন, এ সময়ে নতুন কাউকে ওই শাখায় প্রেষণেও নিয়োগ দেওয়া যাচ্ছে না। গ্রাহকদের কথা ভেবে ওই শাখাটি সীমিত আকারে চালানো যায় কিনা সে বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
