মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরে সাপের কামড়ে এক কৃষাণির মৃত্যু

সখীপুরে সাপের কামড়ে এক কৃষাণির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে বিষধর সাপের কামড়ে এক কৃষাণির মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের প্রত্যন্ত এলাকার মোতারচালা পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। কবিরাজের পেছনে ছুটতে গিয়ে সময় ক্ষেপণের কারণে ওই কৃষাণিকে রাতে সখীপুর হাসপাতালে আনার পথে মারা যায়।

সাপের কামড়ে নিহত ওই কৃষাণির নাম ফজিলা আক্তার (৫০)। তিনি ওই গ্রামের মৃত জুলহাস উদ্দিনের স্ত্রী।

উপজেলার মোতারচালা এলাকার সৈয়দ জামাল উদ্দিন মোল্লা জানান, স্বামীর মৃত্যুর পর ওই নারীই কৃষি কাজ করে সংসার চালাতেন। তিনি গরুও লালন পালন করতেন। গতকাল বুধবার বিকেলে গরুকে খড় কেটে দেওয়ার উদ্দেশ্যে খড়ের গাদায় খড় আনতে গেলে বিষধর সাপ ওই নারীকে কামড় দেয়। ওই নারীর চিৎকারে স্বজনেরা তাঁকে উদ্ধার করে পাশের গ্রামের এক ওঝার (কবিরাজ) কাছে নিয়ে যায়। ওই ওঝা অপারগতা প্রকাশ করলে স্বজনেরা একটি ভ্যান যোগে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই কৃষাণি মারা যান। পরে স্থানীয় একটি ক্লিনিকে ইসিজির মাধ্যমে চিকিৎসক ওই নারীর মৃত্যু নিশ্চিত করেন।

কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম আজ বৃহস্পতিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাপে কাটার পর সঙ্গে সঙ্গে ওঝার কাছে না নিয়ে সখীপুর হাসপাতালে নিয়ে এলে হয়তো বাঁচানো সম্ভব হতো। এছাড়াও সখীপুরে পোস্ট অফিসের সামনে ওষুধের দোকানেও সাপে কাটার ভ্যাকসিন পাওয়া যায়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular