বুধবার, জুলাই ১৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাভুয়াপুরভূঞাপুর পৌর এলাকায় বাসাবাড়িতে ঢুকছে দুর্গন্ধযুক্ত বৃষ্টির পানি

ভূঞাপুর পৌর এলাকায় বাসাবাড়িতে ঢুকছে দুর্গন্ধযুক্ত বৃষ্টির পানি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ভূঞাপুর পৌর এলাকায় পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে তলিয়ে যায় পৌর এলাকার রাস্তাগুলো, বাসাবাড়িতে ঢুকে পড়ে বৃষ্টির পানি। দীর্ঘদিন ধরে এমন সমস্যা সৃষ্টি হলেও রাস্তার পানি নিষ্কাশনের উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের। আবার কিছু এলাকায় ড্রেনেজ ব্যবস্থা থাকলেও সেগুলো সংস্কার না করায় বৃষ্টির পানি রাস্তা জমে দুর্গন্ধের সৃষ্টি এবং মশার জন্ম হয়। উপায় না পেয়ে হাঁটু সমান পানি পেরিয়েই যাতায়াত করতে হয় এসব এলাকায় বসবাসরত নাগরিকদের। ফলে দেখা দিয়েছে নানা রকম দুর্ভোগ। একটু বেশি বৃষ্টি হলেই সড়ক পেরিয়ে দুর্গ্ধযুক্ত ময়লা পানি মানুষের বাসা-বাড়িতে উঠে যায়। দীর্ঘদিনের এই সমস্যা পৌরবাসী ভোগ করলেও সেটি নিরসনে কোনো উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের।

সরেজমিনে দেখা যায়, টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভায় বেহাল ড্রেনেজ ব্যবস্থা, খাল ও পুকুর ভরাটের কারণে বৃষ্টির পানিতে চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। পৌরসভার অপরিকল্পিত নাজুক ড্রেনেজ ব্যবস্থা ও নিয়মিত পরিষ্কার না করার ফলে ড্রেনে ময়লা জমে ভরাট হয়ে গেছে। পৌরসভার কয়েকটি এলাকায় নতুন করে শুরু হওয়া ড্রেন নির্মাণের কাজ বন্ধ থাকায় ভোগান্তি আরো বেড়ে গেছে। অন্যদিকে পৌর এলাকায় সরকারি খাল ও ডোবা ভরাট করে দখল করায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে।

ইবরাহীম খাঁ সরকারি কলেজ রোডের ব্যবসায়ী সোহেল তালুকদার, জাহাঙ্গীর আলম, পিয়ার আলী জানান বৃষ্টি হলেই আর উপায় নেই। ৪ থেকে ৫ ঘণ্টা ময়লা পানিতে তলিয়ে থাকে সড়ক। দোকান খোলা থাকলেও পানির কারণে ক্রেতা আসে না। পৌরসভার ড্রেনগুলোর বেহাল দশার কারণে পৌরবাসীদের চরম ভোগান্তি পোহাতে হয়। পূর্ব ভূঞাপুর, ঘাটান্দি, টিএন্ডটি কার্যালয় ও সেটেলমেন্ট কার্যালয় সংলগ্ন সড়ক এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় সংলগ্ন সড়ক তলিয়ে যায়। এছাড়া রাস্তার বেহাল দশা তো রয়েছেই। যমুনা সেতু রেস্ট হাউজে ৫-৭টি ভবনে বসবাসকারীদের হাটু পানি পেরিয়ে বাসা-বাড়িতে যেতে হয়।

পৌরসভার ঘাটান্দি এলাকায় বসবাসরত আতোয়ার রহমান তালুকদার মিন্টু বলেন, আমাদের মহল্লায় যেতে রাস্তার সাথে বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেটের বাসা। এখানে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে রাস্তার উপর হাটু পানি জমে যায়। এতে দুর্গন্ধযুক্ত পানি ঘরেও চলে আসে। দুর্গন্ধে বাসা বাড়িতে থাকা দায়।

পৌর সভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর খন্দকার জাহিদ হাসান বলেন, পৌর এলাকার খাল পুকুরগুলো ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এছাড়া মানুষজন রাস্তার জায়গা দখল করে উঁচু করে বাড়িঘর নির্মাণ করায় বৃষ্টির পানি জমাট বেঁধে থাকে। পূর্বে যে অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করা হয়েছিল সেগুলো মাটিতে ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

ভূঞাপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুকোমল রায় বলেন, বন্ধ হওয়া ড্রেন নির্মাণের কাজ পুনরায় শুরু করা হবে। পানি নিষ্কাশনের জন্য পুরনো ড্রেন পরিষ্কার করার উদ্যোগ নেয়া হচ্ছে। এছাড়া ভূঞাপুর বাজারের ড্রেন কেটে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular