করোনা মহামারিতে সরকারি নির্দেশ আমান্য করে শহীদ বুদ্ধিজীবী দিবসে শিক্ষার্থীদের ক্লাসে হাজির করে অ্যাসাইনমেন্টের নামে পরীক্ষা নিচ্ছিল গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। যদিও মহামারিতে ক্লাস পরীক্ষা বন্ধ রাখার কথা। এ ঘটনায় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. কাইয়ুম সরকারকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গাজীপুর সদর উপজেলা ইউএনও আব্দুল্লাহ আল জাকী ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন। এ সয়ময় তার সঙ্গে ছিলেন গাজীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী।
শিক্ষা কর্মকর্তা আবু ওবায়দা আলী জানান, করোনা মহামারিতে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকার সরকারি নির্দেশনা আছে। কিন্তু তা অমান্য করে শহীদ বুদ্ধিজীবি দিবসে সোমবার সকালে প্রায় ২০০ শিক্ষার্থীকে ক্লাসে হাজির করে অ্যাসাইনমেন্টর নামে পরীক্ষা নিচ্ছিল গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ। খবর পেয়ে সত্যতা পাওয়ার পর গাজীপুর সদর উপজেলা ইউএনও সাহেবকে জানানো হয়। পরে ইউএনও ওই কলেজে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং কলেজ অধ্যক্ষকে ১০দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
