অনলাইন থেকে: বিয়ে করেও এবার বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটে অন্যতম ‘ব্যাড বয়’ নাসির হোসেন। গেল ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেছেন জাতীয় দলের অন্যতম আলোচিত ক্রিকেটার নাসির হোসেন। বিয়েকে স্মরণীয় করতে ভালোবাসা দিবসটিকেই বেছে নেন তিনি। কিন্তু সপ্তাহ না যেতেই তার স্ত্রী তামিমার বিষয়ে শোনা যাচ্ছে নানান চাঞ্চল্যকর তথ্য। প্রথমে শোনা যায় সাবেক স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা। তবে এবার কথা উঠেছে নাসির দ্বিতীয় নন, তামিমার তৃতীয় স্বামী। শনিবার (২০ ফেব্রুয়ারি) নাসিরের স্ত্রীকে নিয়ে বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে। সকাল থেকে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে তামিমার আরেক স্বামী ও সন্তানের ছবি। রাকিব নামে ওই স্বামীর সঙ্গে তার বিয়ে হয় ১১ বছর আগে। সেই ঘরে কন্যা সন্তানের বয়স এখন নয় বছর।
শনিবার (২০ ফেব্রয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া তামিমার সাবেক স্বামী রাকিবের জিডির কপিতে এ তথ্য পাওয়া যায়। বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানায় জিডিটি করেন রাকিব। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জিডি সূত্রে জানা যায়, ২০১১ সালে তামিমা তাম্মিকে বিয়ে করেন রাকিব। তাদের ৮ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। এর মধ্যেই তামিমা অন্য এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। ছয় মাস সংসার করার পর ফিরে আসে। পরে রাকিবের সঙ্গে ক্ষমা চেয়ে পার পায়। কিন্তু গত ১৪ ফেব্রুয়ারি নতুন করে নাসিরের সঙ্গে ছবি ভাইরাল হলে রাকিব জানতে পারেন, তামিমা বিয়ে করেছেন।
জিডি সূত্রে আরো জানা যায়, তামিমা ছয় মাস যে ছেলের সঙ্গে সংসার করেছেন ওই ছেলের নাম অলক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপে এই ছেলের বিষয়েই নাসির ও রাকিবের মধ্যে কথোপকথন হয়। স্ত্রীর এমন কর্মকাণ্ডে হতবাক রাকিব বলেন, এখনও আমাদের ডিভোর্স হয়নি। কোনো নোটিশ ছাড়া কীভাবে আমার স্ত্রী ৮ বছরের বাচ্চাকে ফেলে অন্য একজনকে বিয়ে করলো সেটাই আমি বুঝতে পারছি না। রাকিবের দাবি, গেল ১১ বছরে তার স্ত্রীর পড়াশোনা থেকে শুরু করে জব সবক্ষেত্রেই তিনি সাহায্য করেছেন।
রাকিব ও নাসিরের ফোন রেকর্ডে রাকিবকে ফোন করে জিডি করার ব্যাপারটি ধামাচাপা দিতে বলেন নাসির। রাকিবের প্রশ্ন ছিল আপনি কি তামিমা সম্পর্ক সব কিছু জানেন? উত্তরে নাসির হোসেন বলেন, তার সব কিছু জেনেশুনেই আমি তাকে বিয়ে করেছি। তার বাচ্চা আছে, তার আগেও বয়ফ্রেন্ড ছিল সবকিছুই আমি জানি। আপনার বৌ আপনার সাথে ভালো থাকলে নিশ্চয়ই আপনার ১১ বছরের সংসার ভেঙে আমার কাছে চলে আসতো না। এই বিষয়ে জানতে ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানার সাথে যোগাযোগ করার চেষ্টা করে ফোন বন্ধ পাওয়া গেছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।