সজল আহমেদ: টাঙ্গাইলের সখীপুরে বিনোদন কেন্দ্রগুলো একেবারেই ফাঁকা। ঈদের পরবর্তী উপজেলার কয়েক স্থানে লোক সমাগম দেখা গেলেও লকডাউনের কারনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানায় বিনোদন কেন্দ্রগুলো একেবারেই দর্শনার্থী শূন্য দেখা গেছে। করোনা সংক্রমণ এড়াতে উপজেলা প্রশাসনের নির্দেশে সবগুলো বিনোদন কেন্দ্র বন্ধ থাকায় এবার ঈদের সময়ও ভিন্নচিত্র দেখা গেছে বিনোদন কেন্দ্রগুলোতে। এই অবস্থা বজায় রাখতে বিনোদন কেন্দ্রগুলোতে নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী ।
উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন পরিষদ সংলগ্ন নকিল বিল, কচুয়ায় চাঁদের হাট, কাকড়াজান ইউনিয়নের পলাশতলী এসব স্থানে পর্যটকসহ দর্শনার্থীদের ভিড় থাকে। বিশেষ করে ঈদসহ ধর্মীয় যে কোন উৎসবে লোকে লোকারন্য হয়ে ওঠে এসব দর্শনীয় স্থানগুলো।
কিন্তু করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে দর্শনীয় স্থানগুলো অনেকে আগে থেকেই প্রশাসনের নির্দেশে বন্ধ রয়েছে। লকডাউনে যাতে এসব স্থানে লোক সমাগম না হতে পারে সে জন্য পুলিশসহ স্থানীয় প্রশাসন কঠোর নজরদারি করছে। উপজেলার প্রতিটি বিনোদন কেন্দ্রে নজরদারী বাড়াতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে।
ইতোমধ্যে বিনোদন কেন্দ্রগুলোতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী ।
নকিল বিলের লঞ্চ চালক আব্দুর রহমান জানান, এখানে প্রতিদিন হাজার হাজার লোকজন বেড়াতে আসতো। তারা লঞ্চ ভাড়া নিয়ে ঘুরে বেড়াত । এতে আমাদের যা আয় হতো তা দিয়েই পরিবারের খরচ চলত। লকডাউনের কারনে এখন প্রায় মানুষ শূন্য। আমরা এখন পরিবার নিয়ে খুবই কষ্টে আছি।
নৌকার মাঝি করিম জানান, বর্ষার সময় নকিল বিলে আসা মানুষদের নৌকায় ঘুরিয়ে যে টাকা পাই তাই দিয়া বাজার কইরা খাই। লকডাউনে এখন মেলা ঝামেলায় আছি। সরকার যদি আমাগো সাহায্য সহযোগিতা করত তাইলে আর নৌকা নিয়া বের হইতাম না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানি জানায়, বিনোদন কেন্দ্রকে ঘিরে আমাদের অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে। প্রশাসন আমাদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। আর লকডাউনের কারনে মানুষ বেড়াতে না আসায় কর্মচারীসহ আমরা অনেক ক্ষতির মুখে পরেছি।
সখীপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী জানান, জনগণের আন্তরিকতা এবং সহযোগীতার কারণে বিনোদন কেন্দ্রগুলো জনশূন্য রাখা সম্ভব হয়েছে। জনগণকে করোনা সংক্রমণ থেকে নিরাপদ রাখতেই উপজেলা প্রশাসন বিনোদন কেন্দ্রগুলোতে জনসমাগম হতে দিচ্ছে না। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের এই নজরদারি চলবে বলে জানান তিনি।
