হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে তার মৃত্যু হয়।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস নদভী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সকাল সাড়ে ১০টায় উচ্চ রক্তচাপজনিত কারণে জুনায়েদ বাবুনগরী সংজ্ঞাহীন হয়ে পড়লে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে সাধারণ ওয়ার্ড ও পরে অবস্থার অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে পৌনে ১টার দিকে তার ইন্তেকাল হয়।
প্রসঙ্গত, ৭৩ বছর বয়সী জোনায়েদ বাবুনগরী বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি কিডনির জটিলতা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
