টাঙ্গাইলে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টা, ৩৪ মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার করোটিয়ার খুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতির চেষ্টার সময় মো. মিজান (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় নয়টি গরুসহ পিকআপটি উদ্ধার করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধে ৩৪টি মামলা রয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে হাইওয়ে পুলিশের সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাইওয়ে পুলিশ জানায়, শনিবার রাতে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে পাঁচ থেকে ছয়জনের একটি দল ঢাকা-গামী মহাসড়কে গরুবাহী নীল রঙের একটি পিকআপের গতিরোধ করে। পরে পিকআপে থাকা চারজনের মধ্যে তিনজনকে নামিয়ে দেয় তারা। অপর ব্যক্তিকে নামানোর জন্য ধস্তাধস্তি চলছিল।

এ সময় মহাসড়কে টহলরত মধুপুর (এলেঙ্গা) হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় মিজানকে গ্রেপ্তার করা হয়। তবে দলের অন্য সদস্যরা মাইক্রোবাসে করে পালিয়ে যান।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মিজানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধে মোট ৩৪টি মামলার তথ্য পাওয়া গেছে।

পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর