Homeজাতীয়চরিত্র বদলাচ্ছে আবহাওয়া, শীত-গ্রীষ্ম-বর্ষায় ‘অস্বাভাবিক আচরণ’

চরিত্র বদলাচ্ছে আবহাওয়া, শীত-গ্রীষ্ম-বর্ষায় ‘অস্বাভাবিক আচরণ’

ষড়ঋতুর দেশ বাংলাদেশ হারাতে বসেছে তার স্বাভাবিক আচরণ। শীত, গ্রীষ্ম ও বর্ষার দাপটে হারিয়ে যেতে বসেছে বাকি তিন কাল। প্রতিনিয়ত চরিত্র বদলাচ্ছে আবহাওয়া। শীতকালে পড়ছে গরম। গরমকাল হয়ে উঠছে অতিরিক্ত গরম। বৃষ্টির সময়ে দেখা দিচ্ছে অস্বাভাবিক বৃষ্টি, অথবা অনাবৃষ্টি। শরৎ, হেমন্ত কিংবা বসন্ত প্রকৃতিতে কখন যায়-আসে সেটা বোঝা এখন দায়। গত কয়েক বছর ধরে শীত ও গরম তাল মেলাতে পারেনি মাসের হিসাবের সঙ্গে।

আবহাওয়াবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, শীতে অস্বাভাবিক বৃষ্টি, বর্ষা মৌসুমে স্বাভাবিকের চেয়ে কম বৃ্ষ্টি হচ্ছে। তাপপ্রবাহের স্থায়িত্ব স্বাভাবিকের চেয়ে হচ্ছে বেশি। বিভিন্ন সময়ে তাপমাত্রাও মানছে না দীর্ঘদিনের প্রথা। বঙ্গোপাগরে অসময়ে দেখা দিচ্ছে ঘূর্ণিঝড়।

শুধু তাই নয়, আবহাওয়া সংক্রান্ত বিষয়গুলো যেভাবে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের ধরনও পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, মূলত বৈশ্বিক উষ্ণায়নের কারণে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই জলবায়ু ও আবহাওয়ার বৈশিষ্ট্যে পরিবর্তন এসেছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক  বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বৃষ্টিপাত, ঘূর্ণিঝড়, টর্নেডো, তাপমাত্রা, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহের চরিত্রে পরিবর্তন এসেছে। প্রতি বছরই মার্চ, এপ্রিল ও মে মাসে তাপপ্রবাহ হয়। কিন্তু দেখা গেছে, এখন এর স্থায়িত্ব দীর্ঘ হচ্ছে। এবার বসন্তে অস্বাভাবিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাই আমরা বলতে পারি আবহাওয়া সংক্রান্ত বিষয়ের অস্বাভাবিক চরিত্র বিরাজ করছে। বাংলাদেশসহ সারা বিশ্বেই বিরাজ করছে চরমভাবাপন্ন আবহাওয়া।

তিনি বলেন, স্থানীয়ভাবেও আমাদের এখানে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত বৈশিষ্ট্য আমূল পরিবর্তন হচ্ছে। বর্ষা মৌসুমে মৌসুমি বায়ু বিস্তার লাভ করতে বিলম্ব হচ্ছে, আবার যেতেও হচ্ছে বিলম্ব। সিজনের প্যাটার্ন পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে ডিউরেশনও। ঋতুর আগমন ও বিদায়ের সময়ের মধ্যে হেরফের পরিলক্ষিত হচ্ছে।

এই আবহাওয়াবিদ আরও বলেন, এবার শীতে উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চল ছাড়া সারাদেশে তীব্র শীত অনুভূত ছিল না। শৈত্যপ্রবাহের সময়টাও ছিল কম। আগে টানা ১৫-২০ দিন শৈত্যপ্রবাহ থাকতো। এখন ২/৩/৫ দিনের বেশি শৈত্যপ্রবাহ পাওয়া যায় না। বিস্তৃত এলাকাজুড়ে শীত, এমনও ছিল না।

‘বৈশ্বিক উষ্ণায়নই এজন্য দায়ী। আবার মানুষ্য সৃষ্ট কারণে বৈশ্বিক উষ্ণায়ন হচ্ছে। আবহাওয়া সংক্রান্ত বিষয়গুলো যেভাবে পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের ধরনও পরিবর্তন হচ্ছে।’

RELATED ARTICLES

Most Popular