এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী এডভোকেট আনোয়ার হোসেন ও আতিকুর রহমান বুলবুল পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন।
বুধবার বিকেলে গজারিয়া ইউনিয়ন আ.লীগে সাধারণ সম্পাদক ও ওই ইউপি নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশী এডভোকেট আনোয়ার হোসেন সখীপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন। এর আগে গত ৯ মে অপর দলীয় মনোনয়নপ্রত্যাশী উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল সংবাদ সম্মেলন করেন।
বুধবার বিকেলে দলীয় মনোনয়নপ্রত্যাশী এডভোকেট আনোয়ার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, গত ৯ মে অপর দলীয় মনোনয়নপ্রত্যাশী আমাকে ও আমার পরিবার এবং স্থানীয় সংসদ সদস্য জোয়াহেরুল ইসলামকে জড়িয়ে যে ধরনের বক্তব্য দিয়েছেন এর কোনোটিই সঠিক নয়। এটি ষড়যন্ত্রমূলক ও ভিত্তিহীন। সংবাদ সম্মেলনে ওই ইউনিয়ন আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নূরুল আমিন, বীরমুক্তিযোদ্ধা মতিয়ার রহমানসহ ওয়ার্ড, বিভিন্ন ইউনিয়ন, উপজেলা আ.লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
