রবিবার, মে ৩১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে শ্রমিক হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে শ্রমিক হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • নিজস্ব প্রতিবেদক, নিউজ টাঙ্গাইল: টাঙ্গাইলে শ্রমিক হত্যা মামলায় মোহাম্মদ কাশেম আলী (৩৫) নামে এক যুবকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও চার মাস সশ্রম করাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মে) দুপুরে টাঙ্গাইলের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এই রায় দেন। দণ্ডিত কাশেম বাসাইল উপজেলার করটিয়াপাড়া গ্রামের আজিজুল মিয়ার ছেলে।

টাঙ্গাইল আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এস আকবর খান জানান, কাশেম আলী ২০০৭ সালের ৮ জুন একই এলাকার আলী আজমসহ আরও কয়েকজন মিলে উপজেলার ময়থা গ্রামে তুলা মিয়ার জমিতে মাটি কাটতে যান।

সেখানে কাশেম আলী পূর্ব শত্রুতার জের ধরে আলী আজমকে (২৬) মারধর করে। এতে আজম গুরুতর আহত হন। পরে তাকে অন্যান্য শ্রমিকরা প্রথমে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।

পরে অবস্থার অবনতি হলে পরদিন আলী আজমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছর ১৮ জুন তার মৃত্যু হয়। ওই দিনই আলী আজমের স্ত্রী চায়না বেগম বাদী হয়ে বাসাইল থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে বাসাইল থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ ২০০৭ সালের ১১ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ১৫ জন সাক্ষীর মধ্যে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় দেওয়া হয়। রায়ের পর দণ্ডিত কাশেম আলীকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular