শুক্রবার, মে ১, ২০২৬
Homeজাতীয়দুর্গম পাহাড়-হাওড়ে বসেও ডলার আয় করছে তরুণরা

দুর্গম পাহাড়-হাওড়ে বসেও ডলার আয় করছে তরুণরা

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের প্রতিটি জনপদে ডিজিটাল দক্ষতাসম্পন্ন জনগোষ্ঠী গড়ে তোলা অপরিহার্য। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় মানুষের জীবন ধারায় রূপান্তর ঘটছে। ডিজিটাল দক্ষতার সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দুর্গম পাহাড় কিংবা বিস্তীর্ণ হাওড়ে বসেও ডিজিটাল কাজ করে হাজার হাজার ডলার আয় করছে।

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল দক্ষতাসম্পন্ন জনসম্পদ গড়ে তুলতে মন্ত্রী সরকারের পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবক সংগঠনসমূহকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্ত্রী বুধবার (১২ অক্টোবর) ঢাকায় ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা আয়োজিত ‘ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন: বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন।

ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকার সভাপতি ম. হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, তথ্য কমিশনার সুরাইয়া আক্তার এনডিসি, ময়মনসিংহ বিভাগ সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ প্রমুখ বক্তৃতা করেন। সাবেক সিনিয়র সচিব মো. আবদুস সামাদ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

টেলিযোগাযোগমন্ত্রী ময়মনসিংহ বিভাগকে কৃষিপ্রধান অঞ্চল উল্লেখ করে বলেন, দালানকোঠা রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি ময়মনসিংহ বিভাগকে ডিজিটাল বিভাগ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে।

মন্ত্রী দৃষ্টান্ত তুলে ধরে বলেন, মধুপুরের গড়ে ডিজিটাল সংযোগের সুযোগ কাজে লাগিয়ে শত শত তরুণ-তরুণী আউটসোর্সিংয়ের কাজ করার মাধ্যমে হাজার হাজার ডলার উপার্জন করছে। প্রত্যন্ত হাওড়ের সুনামগঞ্জের ধর্মপাশার আহমেদ নগরে সফটওয়্যার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে।

ডিজিটাল প্রযুক্তি বিকাশের এই অগ্রদূত বলেন, ২০০৯ সালের পর ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ উন্নয়নের প্রতিটি সূচকে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। ময়মনসিংহকে কৃষিপ্রধান অঞ্চল থেকে বেরিয়ে ডিজিটাল প্রযুক্তি দক্ষতাসম্পন্ন অঞ্চল হিসেবে গড়ে তোলার পাশাপাশি কৃষিতে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অভাবনীয় পরিবর্তনের সূচনা করতে হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিরা মতামত ব্যক্ত করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular