নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘কাউন্টডাউন শুরু, খুব শিগগিরই নিজের ঘরে ফিরব’ স্ট্যাটাস দেওয়ার পর গ্রেপ্তার হয়েছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি রাজিব পাল।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর বিভাগ তাকে গ্রেপ্তার করে। রাজিব পাল মধুপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে ডিবি মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) রাকিব খান জানান, রাজিব পাল দীর্ঘদিন ধরে ঢাকায় আত্মগোপনে ছিলেন।
তিনি জানান, আত্মগোপনে থাকা অবস্থায় রাজিব কখনো বিভিন্ন মেডিকেলের ওয়ার্ডবয়, আবার কখনো উবার চালকের ছদ্মবেশ ধারণ করতেন। এ সময় ঢাকায় একাধিক নাশকতার সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে ‘খুব শিগগিরই নিজের ঘরে ফিরব, কাউন্টডাউন শুরু’ লিখে স্ট্যাটাস দেন তিনি। তার বিরুদ্ধে মধুপুর থানায় মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
