ত্রিভূজ প্রেমের কারণে রাকিবুল ইসলাম রিকাত খুনের শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে চট্টগ্রামের বাকলিয়ায়।
গ্রেফতাররা হলেন মো. গোলাম কাদের ওরফে হৃদয় (১৯) ও মো. সাকিব (২১)।
বুধবার (২ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
সিএমপির উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতার হৃদয়, সাকিব এবং খুনের শিকার রিকাত তিনজনই বন্ধু। তারা কিশোর গ্যাংয়ের সদস্য এবং পরিবারের অবাধ্য সন্তান। টিকটক করতো।
পুলিশ জানায়, গ্রেফতার সাকিবের সঙ্গে এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ওই কিশোরী সম্প্রতি খুন হওয়া রিকাতের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। নতুন করে প্রেমের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা পোস্ট দিত রিকাত।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টকে কেন্দ্র করে গত সোমবার বিকেলে রিকাতকে ডেকে নেয় হৃদয়। সাকিবের সঙ্গে পূর্বপরিকল্পনা অনুযায়ী রিকাতকে নেওয়া হয় চান্দগাঁও থানার ঘাটকূল এলাকায়। সেখানে রিকাতের পেটে ও পিঠে ছুরিকাঘাত করা হয়।
এ বিষয়ে বাকলিয়া থানার ওসি আবদুর রহিম বলেন, রিকাত খুনের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সাকিবের তথ্যের ভিত্তিতে রিকাত হত্যায় ব্যবহৃত রক্তমাখা ছুরিটি চন্দনাইশ থেকে উদ্ধার করা হয়েছে। গ্রেফতার সাকিবের বিরুদ্ধে চাঁন্দগাও থানায় মাদকের মামলা রয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।