নিউজ ডেস্ক: আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে যোগদানের উদ্দেশ্য টাঙ্গাইলের নেতাকর্মীরা যেতে শুরু করেছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দাবি ইতোমধ্যে কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন। বুধবার ঢাকায় জেলা যুবদলের দুইজন নেতা গ্রেপ্তার হয়েছেন।
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, ঢাকার নিকটবর্তী জেলা টাঙ্গাইল। ইতোমধ্যে জেলার ১২টি উপজেলার কয়েক হাজার নেতাকর্মী যার যার মতো ঢাকায় চলে গিয়েছেন। আরো অসংখ্য নেতাকর্মী আসবেন।
তিনি আরো বলেন, ঢাকার নয়াপল্টনে বুধবার আমি ও জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ টাঙ্গাইলের কয়েকজন আটকে পড়ি। পরে সেখান থেকে জেলা যুবদলের সদস্যসচিব তৌহিদুল ইসলাম বাবু ও যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ গ্রেপ্তার হয়েছেন।
জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ বলেন, আমাদের টাঙ্গাইলের সন্তান কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মির্জা ফয়সাল ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। নানা বাধা উপেক্ষা করে বিভিন্নভাবে সহস্রাধিক নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় চলে গেছেন।
