নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া রেঞ্জের আওতাধীন ঝড়কা বিটের সাতকুয়া এলাকায় আকাশমণি গাছ কেটে পাচারের প্রস্তুতিকালে বিপুল পরিমাণ কাঠসহ একটি লোবেট গাড়ি জব্দ করেছে বন বিভাগ।
বুধবার (২৪ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসাইনের নেতৃত্বে বন বিভাগের একটি দল সাতকুয়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে দেখা যায়, দুর্বৃত্তরা সামাজিক বনায়নের একটি প্লট থেকে ৩৪টি আকাশমণি গাছের গুড়ি কেটে ঢাকা মেট্রো-ট ১৫-৬৬৭৮ নম্বরধারী একটি লোবেট গাড়িতে তুলছে।
বন বিভাগের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে কাঠভর্তি লোবেট গাড়িটি জব্দ করে রেঞ্জ হেফাজতে নেওয়া হয়।
ধলাপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. সাব্বির হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠসহ গাড়িটি জব্দ করা হয়েছে। দুর্বৃত্তরা পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
