Homeবিনোদনএবার পর্দায় সুব্বুলক্ষ্মী হয়ে উঠবেন রাশমিকা

এবার পর্দায় সুব্বুলক্ষ্মী হয়ে উঠবেন রাশমিকা

ভারতের কিংবদন্তি কর্ণাটক সংগীতশিল্পীর এমএস সুব্বুলক্ষ্মীর জীবন এবার উঠে আসছে সিনেপর্দায়। এই বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করছেন দক্ষিণি অভিনেত্রী রাশমিকা মান্দানা। পরিচালক গৌতম তিন্নানুরির এই সিনেমা প্যান-ইন্ডিয়া পরিসরে নির্মিত হচ্ছে।

সম্প্রতি চেন্নাইয়ের মিউজিক একাডেমিতে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা ও প্রথম ঝলক প্রকাশ হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা কমল হাসান।

সেখানে রাশমিকার উদ্দেশে তিনি বলেন, ‘এই চরিত্রে অভিনয় করা শুধু অভিনয়ের দক্ষতার পরীক্ষা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে বিরাট দায়িত্বও। কোনো অভিনেতা যদি মাইকেল জ্যাকসনের মতো বিশ্বখ্যাত শিল্পীকে পর্দায় ফুটিয়ে তোলেন, তার ওপর যে ধরনের চাপ থাকে, সুব্বুলক্ষ্মীর চরিত্রেও একই রকম মানসিক চাপ থাকবে।’ তবে, রাশমিকার পাশে দক্ষ একটি দল রয়েছে, যারা এই দায়িত্ব সামলাতে তাকে সাহায্য করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

অনুষ্ঠানে আবেগপ্রবণ হয়ে পড়েন রাশমিকা। তার কথায়, সুব্বুলক্ষ্মীর মতো কিংবদন্তির জীবন পর্দায় তুলে ধরার সুযোগ পাওয়া অত্যন্ত বড় সম্মানের। শিল্পীর কণ্ঠে এমন এক আধ্যাত্মিক শক্তি রয়েছে, যা শুনলে ঈশ্বরের সান্নিধ্যে থাকার অনুভূতি হয়। তিনি সুব্বুলক্ষ্মীর জীবনের সামান্য একটি অংশ পর্দায় তুলে ধরার সুযোগ পেয়েছেন, সেই সুযোগের মর্যাদা রাখতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।

সুব্বুলক্ষ্মীর ১১০তম জন্মবার্ষিকীতে বায়োপিকটির আনুষ্ঠানিক সূচনা হয়। ছবির প্রথম শটে রাশমিকার উপস্থিতিতে ক্ল্যাপ দেন কমল হাসান। গৌতম তিন্নানুরি পরিচালিত সিনেমার সংগীতের দায়িত্বে রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর। একাধিক প্রযোজনা সংস্থার যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিকে প্যান-ইন্ডিয়া মুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে।

এদিকে, এমএস সুব্বুলক্ষ্মীর বায়োপিকের পাশাপাশি রাশমিকাকে সামনে আরও কয়েকটি বড় প্রকল্পে দেখা যাবে। এর মধ্যে রয়েছে বিজয় দেবরাকোন্ডার সঙ্গে ‘রণবালী’ এবং ‘মাইসা’।

উল্লেখ্য, ১৯১৬ সালের ১৬ সেপ্টেম্বর মাদুরাইয়ে জন্মগ্রহণ করেন এমএস সুব্বুলক্ষ্মী। ২০০৪ সালের ১১ ডিসেম্বর চেন্নাইয়ে মারা যান তিনি।

RELATED ARTICLES

Most Popular