Homeটাঙ্গাইল জেলামির্জাপুরমির্জাপুরে আ.লীগের সাবেক সভাপতি ফালু গ্রেপ্তার

মির্জাপুরে আ.লীগের সাবেক সভাপতি ফালু গ্রেপ্তার

আন্দোলনে হিমেলের দুই চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের ছররা গুলিতে হিমেলের দুই চোখের দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নাজিরপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি শওকত হোসেন ফালু (৬২)। তিনি গোড়াই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং নাজিরপাড়া গ্রামের সুরুজ বেপারীর ছেলে।

মির্জাপুর থানার এসআই মো. সেলিম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি ফালুকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের হিমেল। ওই সময় সংঘর্ষ ও গুলির ঘটনায় তিনি আহত হন এবং দুই চোখের দৃষ্টিশক্তি হারান।

এ ঘটনায় হিমেলের মা নাছিমা বেগম বাদী হয়ে মির্জাপুর আমলি আদালতে মামলা করেন। মামলায় পুলিশ, সাংবাদিক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ১০০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। মামলায় ফালু ৬ নম্বর এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নাছিমা বেগমের করা মামলার এজাহারভুক্ত আসামি শওকত হোসেন ফালুকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

RELATED ARTICLES

Most Popular