নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে প্রবাসীদের অর্থায়নে তিন কিলোমিটার সড়কে ১০০টি বাতি স্থাপন করা হয়েছে। এতে রাতের অন্ধকারে চলাচলের ভোগান্তি কমেছে স্থানীয় বাসিন্দাদের। প্রবাসীদের এমন উদ্যোগে প্রশংসায় ভাসছেন টাঙ্গাইলের হাবলা ইউনিয়নের সোনালিয়া গ্রামের বাসিন্দারা। জানা গেছে, সোনালিয়া গ্রামের প্রবাসীরা নিজেদের অর্থায়নে প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে সড়কগুলোতে বাতি স্থাপন করেছেন। ‘আলোকিত সোনালিয়া’ প্রকল্পের আওতায় পাঁচ মাসের মধ্যে তিন কিলোমিটার সড়কে ১০০টি বাতি স্থাপনের কাজ সম্পন্ন হয়। প্রতিটি বাতি স্থাপনে ব্যয় হয়েছে প্রায় সাত থেকে আট হাজার টাকা। সড়কে প্রায় ১০০ ফুট পরপর একটি করে বাতি বসানো হয়েছে।
স্থানীয়দের তথ্যমতে, টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজার থেকে সোনালিয়া কবরস্থান পর্যন্ত সড়কসহ গ্রামের কয়েকটি রাস্তায় এসব বাতি স্থাপন করা হয়েছে। আগে রাতে এসব সড়কে চলাচলে নানা সমস্যায় পড়তে হতো মানুষকে। এখন সড়ক আলোকিত হওয়ায় স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় ব্যবসায়ী রবিউল আউয়াল উজ্জ্বল বলেন, প্রবাসীদের অর্থায়নে তিন কিলোমিটার সড়কে ১০০টি বাতি স্থাপন করা হয়েছে। এতে পুরো এলাকা আলোকিত হয়েছে। এই উদ্যোগ এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পশ্চিম পৌলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মান্নান মিয়া বলেন, হাজার হাজার মাইল দূরে থেকেও গ্রামের প্রতি প্রবাসীদের ভালোবাসা ও দায়বদ্ধতার দৃষ্টান্ত এটি। তাঁদের এই উদ্যোগে সোনালিয়া গ্রাম আলোকিত হয়েছে।
হাবলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক বলেন, সড়কে বাতি স্থাপনের ফলে রাতে মানুষের চলাচল সহজ হয়েছে। গ্রামের উন্নয়নে প্রবাসীদের এই উদ্যোগ প্রশংসনীয়। ‘আলোকিত সোনালিয়া’ প্রকল্পের সভাপতি তরিকুল ইসলাম রতন বলেন, গ্রামের মানুষের যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও গ্রামের উন্নয়নে প্রবাসীদের সহযোগিতা অব্যাহত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্সের পরিচালক নুরুল ইসলাম রবিন বলেন, সোনালিয়া গ্রামের প্রবাসীরা অন্ধকারাচ্ছন্ন সড়কগুলো আলোকিত করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সোনালিয়াকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে প্রবাসী ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে কাজ করবেন।
