নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে চলাচলের রাস্তা বন্ধ থাকায় ঘরের অংশ ও টিনের বেড়া ভেঙে কবরস্থানে যাওয়ার পথ তৈরি করে এক ব্যক্তির লাশ দাফন করেছেন স্বজন ও এলাকাবাসী।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে আব্দুল সালাম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর পর তাঁর লাশ দাফন করতে ভোগান্তিতে পড়েন স্বজনরা। পরে স্থানীয় লোকজন ঘরের অংশ ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করলে তাঁর লাশ কবরস্থানে নেওয়া সম্ভব হয়।
সোমবার নয়, রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল সালাম ওই গ্রামের একাব্বর আলীর ছেলে। শনিবার রাতে ঘাটাইল উপজেলায় অসুস্থ অবস্থায় তাঁর মৃত্যু হয়। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে আসেন। রাতে দাফনের প্রস্তুতি নেওয়া হলেও কবরস্থানে যাওয়ার রাস্তা না থাকায় তা সম্ভব হয়নি।
বিলপালিমা গ্রামের মাতবর মোজাফফর হোসেন জানান, কবরস্থানে যাওয়ার রাস্তা বের করে দিতে প্রতিবেশীদের অনুরোধ করা হয়েছিল। তবে তাঁরা তাতে সাড়া দেননি।
মৃতের ভাই পুলিশ সদস্য আবু সাঈদ জানান, রোববার সকালে লাশ কবরস্থানে নেওয়ার সময় রাস্তা না থাকায় এলাকাবাসীর সহায়তা চান তাঁরা। পরে স্থানীয় লোকজন একত্র হয়ে রাস্তার মাঝখানে থাকা ঘরের অংশ ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করেন। এরপর সকাল ১১টার দিকে আব্দুল সালামের লাশ দাফন করা হয়।
এলাকাবাসীর ভাষ্য, প্রায় ১০০ বছরের পুরোনো বিলপালিমা বর্তা বিলের চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রায় দুই বছর ধরে রাস্তাটি বন্ধ রয়েছে। এ নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিরোধ চলে আসছে।
বাংড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল জানান, রাস্তার মাঝখানে ঘর নির্মাণ করায় লাশ নিয়ে কবরস্থানে যাওয়া সম্ভব হচ্ছিল না। পরে স্থানীয় লোকজন ঘর ভেঙে পথ তৈরি করেন।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। লাশ দাফন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
