নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। তার পরিবার ও ডিবি পুলিশের একটি সূত্র আটকের বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু। তিনি টাঙ্গাইল সদর থানায় দায়ের করা একটি মামলার আসামি।
মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু কালিহাতী উপজেলার নগরবাড়ী গ্রামের মৃত মোজাফফর আলী তালুকদারের বড় ছেলে। তিনি নারান্দিয়া ইউনিয়ন পরিষদ ও কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার (১৪ নভেম্বর) তাকে আদালতে নেওয়া হতে পারে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডুকে আটকের বিষয়টি শুনেছেন। এর বেশি কিছু তিনি বলতে পারবেন না।
