নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার কদিম ধল্যা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের পাশে ওই নারীর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষতচিহ্ন রয়েছে।
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় গাড়িচাপায় ওই নারীর মৃত্যু হয়েছে। নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও ধারণা করা হচ্ছে। তবে কোন ধরনের গাড়ির চাপায় এ ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
