নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর সাংবাদিক সংস্থার আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ডেসটিনির মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. মিনহাজ উদ্দিন সভাপতি এবং জাতীয় দৈনিক স্বদেশ প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মো. রুবেল মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত ২৮ সেপ্টেম্বর (রোববার) ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন সংগঠনের সদস্যরা। সভাপতি পদে মিনহাজ উদ্দিনকে সমর্থন জানানো হয়। সাধারণ সম্পাদক পদে মো. রুবেল মিয়া ও রাব্বি ইসলামের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। এতে সর্বাধিক ভোট পেয়ে রুবেল মিয়া নির্বাচিত হন।
নবগঠিত কমিটিতে নিউজ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রতিনিধি মো. কাইয়ুম মিয়াকে সহসভাপতি, দৈনিক চেতনার কণ্ঠের বছির আহমেদকে যুগ্ম সাধারণ সম্পাদক, ভোরের বাংলাদেশের মো. নাজিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ বুলেটিনের মো. শামীম মিয়াকে কোষাধ্যক্ষ এবং বাংলাদেশের খবরের উপজেলা প্রতিনিধি মো. রাব্বি ইসলামকে দপ্তর ও প্রচার সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন ডেইলি অবজারভারের মো. মাজহারুল ইসলাম, আমার বার্তার মো. সাদ্দাম হোসেন, সময় টিভির আহমেদ হৃদয়, ডেইলি সানের শেখ নাসির, তরঙ্গ নিউজের সাইফুল ইসলাম ও অগ্রযাত্রা প্রতিদিনের আ. কাদের সাজ্জাদ।
মির্জাপুর সাংবাদিক সংস্থা ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি মির্জাপুর পুরাতন বাসস্ট্যান্ডের আশোকবর ভবনসংলগ্ন খান মার্কেটে অবস্থিত। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনের সাংবাদিকরা জাতীয় ও স্থানীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, অনিয়ম ও অন্যায়ের সংবাদ বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করে আসছেন।
