বাবুপুর গ্রামবাসীর উদ্যোগের পাশে প্রধানমন্ত্রী, মাঠ সম্প্রসারণে সাড়ে ৪ কোটি বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বাবুপুর গ্রামের বাসিন্দাদের নিজেদের উদ্যোগে কেনা খেলার মাঠ সম্প্রসারণে অর্থায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ৪ কোটি ৪১ লাখ টাকা বরাদ্দের কথা জানালেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গ্রামটির মানুষেরা নিজেরা টাকা তুলে স্থায়ী খেলার মাঠের জন্য জমি কিনেছেন। বৃহস্পতিবার খেলার মাঠের জমি বুঝে নেন তারা। সেই জমিতে বাংলাদেশের পতাকা টাঙিয়ে রেখেছেন তারা।

বাসিন্দাদের নিজেদের অর্থায়নে খেলার মাঠ কেনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে। সরকারের দৃষ্টিগোচর হয়। প্রশংসনীয় উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাঠের পাশের আরও জমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিনে গ্রামবাসীকে উপহার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার জাতীয় ক্রীড়া পরিষদে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সংবাদওয়েব ডিজাইন

প্রতিমন্ত্রী বলেন, ‘বাবুপুরবাসীর এই অনন্য উদ্যোগের ভিডিও ফুটেজটি গতকালই মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় এবং তিনি তাৎক্ষণিকভাবে এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।’

‘বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গেই ভারপ্রাপ্ত সচিবকে টাঙ্গাইলের ডিসি ও দেলদুয়ারের ইউএনওয়ের সাথে যোগাযোগ করতে বলা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সদিচ্ছাকে বাস্তবায়ন করতেই মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে। যাতে ওই গ্রামবাসীর পাশে থেকে একটি পরিপূর্ণ ও আধুনিক খেলার মাঠ উপহার দেয়া যায়।’ সরকারিআদেশ দেখুন

গ্রামটিতে একটি স্থায়ী মাঠের জন্য স্থানীয় বাসিন্দারা প্রথমে ৫৯ শতাংশ জমি কিনেছেন। পরে জমির মালিক আরও ১ শতাংশ দান করেছেন। তবে নতুন পরিকল্পনা অনুযায়ী, মাঠের জন্য মোট ১৮০ শতাংশ জমি প্রয়োজন। বাকি ১২০ শতাংশ কিনতে প্রায় সাড়ে ৪ কোটি টাকা লাগবে, জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

আমিনুল হক জানালেন, এডিসি জেনারেলের প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকার সামগ্রিক বাজেট পেশ করেন। সরকার যাচাই সাপেক্ষে দ্রুত কাজ শুরুর ঘোষণা দিয়েছে। প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি সারাদেশের প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়বে এবং বাবুপুরের মতো খেলাধুলার সুস্থ পরিবেশ গড়ে উঠবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর