ইংল্যান্ডে স্কুল চলাকালে ফোন নিষিদ্ধ

ইংল্যান্ডের স্কুলগুলোতে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে দেশটির সরকার। নতুন নিয়ম কার্যকর হলে স্কুল চলাকালে শিক্ষার্থীরা নিজেদের কাছে কোনোভাবেই মোবাইল ফোন রাখতে পারবে না।
২০২৭ সালের সেপ্টেম্বর থেকে এ নিয়ম কার্যকর করার পরিকল্পনা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে এ বিষয়ে আইনগত বাধ্যবাধকতাসহ নির্দেশনা কার্যকর করা হয়।
এর ফলে স্কুল ও শিক্ষা ট্রাস্টগুলোর জন্য পুরো স্কুল সময়কে ফোনমুক্ত রাখা বাধ্যতামূলক হয়েছে। এবার বিদ্যমান নির্দেশনায় আরও কঠোর পরিবর্তন আনছে সরকার। বর্তমানে ইংল্যান্ডের কিছু স্কুলে ‘নো সি, নো হিয়ার’ নীতি চালু রয়েছে। এ নীতিতে শিক্ষার্থীরা ফোন সঙ্গে রাখতে পারে, তবে তা দেখা বা শোনার সুযোগ নেই।
নতুন নির্দেশনায় এই সুযোগও বন্ধ করা হবে।তবে স্কুলপ্রধানদের সংগঠনগুলো বলছে, সরকারের পক্ষ থেকে অতিরিক্ত অর্থায়ন ছাড়া নতুন বিধিনিষেধ বাস্তবায়ন করা স্কুলগুলোর জন্য কঠিন হবে। শিক্ষামন্ত্রী লুসি পাওয়েল বলেন, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি সরকারের স্পষ্ট বার্তা হলো, ‘স্কুল হলো শেখা ও বন্ধুত্ব গড়ে তোলার জায়গা, ফোনে স্ক্রল করার নয়। সরকারের মতে, স্কুলে মোবাইল ফোন ব্যবহারের সুযোগ থাকলে শিক্ষার্থীরা পড়াশোনা ও পারস্পরিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।যেভাবে কার্যকর হবে নতুন নিয়ম

নতুন নির্দেশনা কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে স্কুলগুলোকে স্বাধীনতা দেওয়া হবে। কোনো কোনো স্কুলে ইতোমধ্যে ফোন রাখার জন্য বিশেষ তালাবদ্ধ পাউচ বা নিরাপদ লকারের ব্যবস্থা করা হয়েছে। আবার কিছু স্কুলে দিনের শুরুতে শিক্ষার্থীদের কাছ থেকে ফোন সংগ্রহ করা হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে পুরো ক্যাম্পাসেই ফোন ব্যবহার নিষিদ্ধ।

বিবিসি ব্রেকফাস্টকে দেওয়া সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী পাওয়েল বলেন, এ ধরনের নীতি পুরো স্কুলের সংস্কৃতিতে পরিবর্তন আনতে পারে। সরকার সব স্কুলেই এমন পরিবর্তন দেখতে চায়।ম্যানচেস্টারের বার্নেজ একাডেমি ফর বয়েজের প্রধান শিক্ষক কার্ল হ্যারিসন জানান, শিক্ষার্থীদের ফোন ব্যবহার বন্ধ করতে স্কুলটি মেটাল ডিটেক্টর ও বিশেষ ফোন পাউচের ব্যবস্থা করতে ২০ হাজার পাউন্ড ব্যয় করেছে।

তিনি বলেন, ফোন ব্যবহারের স্বাধীনতা হারানোর বিষয়ে কারও কারও আপত্তি থাকলেও ফোন তালাবদ্ধ করে রাখার ফলে স্কুলে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বেড়েছে।তার ভাষায়, ‘এখন শিক্ষার্থীরা ফোনে স্ক্রল করার পরিবর্তে একে অপরের সঙ্গে কথা বলতে পারে।’

তিনি আরও বলেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ বেড়েছে। কারণ, মনোযোগ নষ্ট হওয়ার সুযোগ কমেছে। এর ফলে তাদের ফলাফলও ভালো হচ্ছে। ওয়েস্ট মিডল্যান্ডসের ব্রাউনহিলস অরমিস্টন একাডেমির মতো কিছু স্কুলে শিক্ষার্থীদের মোবাইল ফোন রাখার জন্য বিশেষ তালাবদ্ধ পাউচ সরবরাহ করা হচ্ছে।

নতুন নীতি বাস্তবায়নে অতিরিক্ত অর্থায়নের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, স্কুলপ্রধানরা যেন নিজেদের প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে কার্যকর ব্যবস্থা নিতে পারেন, সেটিই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর