সংগীতাঙ্গনে নতুন সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘কান্তারপল্লী মিউজিক’। প্রতিষ্ঠানটির প্রথম প্রকাশনা হিসেবে প্রকাশিত হয়েছে ‘আমার নাই ঘরবাড়ি’ শিরোনামের একটি গান।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টায় রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে গান প্রকাশ, শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক পথচলার সূচনা হয়।
কান্তারপল্লী মিউজিকের প্রথম গান ‘আমার নাই ঘরবাড়ি’র কথা লিখেছেন গীতিকার সাইফুল বারী। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী ফয়েজ এবং সংগীতায়োজন করেছেন আহমেদ সজীব। গানটির উদ্যোগ নিয়েছেন এস এম করিম। গীতিকবি সোহাগ ওয়াজিউল্লাহর সহযোগিতায় গানটি পূর্ণতা পেয়েছে।
প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর আয়োজনে উপস্থিত ছিলেন সরকারি সংগীত কলেজের সহকারী অধ্যাপক এমএম ইউনুসুর রহমান; গীতিকার নীহার আহমেদ, সোহাগ ওয়াজিউল্লাহ, রবিউল ইসলাম রবি, শেখ আলমাছ ও মোহাম্মদ লিটন; কণ্ঠশিল্পী ফয়েজ ও সোহেল সামি; কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হাফিজ বাউলা এবং এস কে সাগর শান; সংগীত পরিচালক আহমেদ সজীব ও মারুফ চৌধুরী; ভিডিও নির্মাতা এস এম করিম এবং সিনেমাটোগ্রাফার এসকে আসফিসহ সংগীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।
নৈশভোজ ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা কান্তারপল্লী মিউজিকের নতুন পথচলাকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।
গীতিকার সাইফুল বারীর উদ্যোগে প্রতিষ্ঠিত কান্তারপল্লী মিউজিকের লক্ষ্য বাংলা গানের বিকাশে ভূমিকা রাখা, নতুন প্রতিভাবান শিল্পী ও সংগীতসংশ্লিষ্ট ব্যক্তিদের কাজের সুযোগ তৈরি এবং মানসম্মত মৌলিক গান প্রকাশ করা।
সাইফুল বারী জানান, সংগীতের প্রতি ভালোবাসা এবং বাংলা গানের জন্য কাজ করার প্রত্যয় থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কান্তারপল্লী মিউজিকের মাধ্যমে নতুন ও প্রতিভাবান শিল্পীদের নিয়ে কাজ করার পাশাপাশি শ্রোতাদের ভালো মানের গান উপহার দিতে চান তিনি।
নতুন এই উদ্যোগের মাধ্যমে বাংলা সংগীতাঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করছে কান্তারপল্লী মিউজিক।
