ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি বাংলা ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের মাইজবাড়ী এলাকায় ঝিনাই নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিস নূরী তাসমিন উর্মি ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নবাব আলী।
ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ড্রেজার পরিচালনাকারীরা পালিয়ে যান। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত বাংলা ড্রেজারটি ধ্বংস করা হয় এবং বালু উত্তোলনের পাইপগুলোও ভেঙে ফেলা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন উর্মি জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে নদীর পরিবেশ ও আশপাশের এলাকার ক্ষতির আশঙ্কা তৈরি হয়। এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রেজারটি ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
