নিজস্ব প্রতিনিধি: ঢাকার মিরপুরে অবস্থিত কেন্দ্রীয় মুরগি খামারে উন্নত জাতের মুরগির বাচ্চা (ডিওসি) উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। একই সঙ্গে খামারের ব্যবস্থাপনা আরও কার্যকর করা, অনুপযোগী শেড দ্রুত সংস্কার এবং জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে আকস্মিকভাবে কেন্দ্রীয় মুরগি খামার পরিদর্শনে গিয়ে এসব নির্দেশনা দেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি খামারের বিভিন্ন শেড, হ্যাচারি, ফিড কারখানা ও অন্যান্য কার্যক্রম ঘুরে দেখেন এবং মুরগির বাচ্চা ও ডিম বিক্রি, খাদ্য উৎপাদনসহ সার্বিক কার্যক্রমের বিষয়ে কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, উন্নয়নের জন্য নেওয়া প্রকল্পগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। খামারের ব্যবস্থাপনা আরও সুন্দর ও কার্যকর করার পাশাপাশি উৎপাদন বাড়াতে হবে।
তিনি বলেন, কেন্দ্রীয় মুরগি খামারে উৎপাদিত বাচ্চা প্রান্তিক খামারিরা সংগ্রহ করে লালন-পালন ও বিক্রি করেন। তাই বাচ্চার উৎপাদন বাড়ানো গেলে প্রান্তিক খামারিরাও বেশি লাভবান হবেন। একই সঙ্গে দেশের প্রাণিজ প্রোটিনের চাহিদা পূরণেও এ খামার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মুরগির বাচ্চার বাজারে অস্থিতিশীলতা কমাতে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, উন্নত জাতের বাচ্চা উৎপাদন ও প্রান্তিক খামারিদের মধ্যে সরবরাহ কার্যক্রম আরও জোরদার করতে হবে।
পরিদর্শনকালে কয়েকটি শেড ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় সেগুলো দ্রুত সংস্কারের নির্দেশ দেন তিনি। পাশাপাশি জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিতি এবং উপস্থিতির হারও তদারকি করেন প্রতিমন্ত্রী।
এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান, কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা, প্রকল্প পরিচালক আব্দুর রহিম, সহকারী পরিচালক (গোট ফার্মস) ডা. কবির উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
