Homeটাঙ্গাইল জেলাশারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টাঙ্গাইলে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের সকল পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে এবং গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেলের কার্যক্রম জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারসহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। পূজার প্রাক্কালে, পূজা চলাকালীন এবং পূজা-পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।

এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মতামত, সুবিধা-অসুবিধা ও বিভিন্ন সমস্যা শোনা হয়। পরে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা; সকল সার্কেল কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, থানার অফিসার ইনচার্জ, জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular