নিউজ ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার গোড়াই হাইওয়ে থানা সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ ও গোড়াই ফ্লাইওভার এলাকায় এসব নাশকতার ঘটনা ঘটে। ঘটনার পর গোড়াই এলাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে বিস্ফোরক আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠিয়েছে মির্জাপুর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের খন্দকার চাতকের ছেলে খন্দকার সিফাত (১৯), একই এলাকার শফিকুর রহমানের ছেলে রিফাত খান, ঘাটাইল উপজেলার ফুলমালির চালা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২১), নির্মল চন্দ্রের ছেলে অমৃত চন্দ্র (২১) এবং সুজন চন্দ্র সেতু চৌধুরীর ছেলে প্রশান্ত চন্দ্র (২২)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রিফাত খান দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। অন্য চারজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী।
এদিকে, গ্রেপ্তার ব্যক্তিদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তারা কেউই স্থানীয় বাসিন্দা নন। পুলিশের দাবি, মির্জাপুরে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের নির্দেশনায় তারা নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নেন।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, উপজেলার গোড়াই এলাকার কয়েকটি পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
