শুক্রবার, মে ২২, ২০২৬
Homeসম্পাদকীয়এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা

এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের প্রতি শুভকামনা

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। দেশের ৯টি শিক্ষা বোর্ডের অধীনে  ৩ ফেব্রুয়ারি সোমবার  সকাল ১০টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর ১টা পর্যন্ত। এ বছর সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ পরীক্ষার্থীর সংখ্যা ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯। সারা দেশে ৩ হাজার ৫১২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এসএসসির লিখিত পরীক্ষা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষা। দাখিল পরীক্ষা শেষ হবে ১ মার্চ। এরপর ৮ মার্চের মধ্যে শেষ হবে ব্যবহারিক পরীক্ষা। আগের নিয়মে এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থীর দেরি হলে তার বিস্তারিত তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।

বিগত কয়েক বছর এসএসসি ও সমমানের পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস নিয়ে পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা যেত। এমনকি প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংশ্লিষ্টরা বিপাকের মধ্যে ছিল। কোনোভাবেই প্রশ্নপত্র ফাঁসকারী চক্রকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। বরাবরের মতো এবারও পরীক্ষা শুরুর আগে প্রশ্ন ফাঁস নিয়ে শঙ্কায় ছিলেন শিক্ষার্থী-অভিভাবকরা। কিন্তু প্রশ্ন ফাঁসের অভিযোগ ছাড়াই এবারের এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলো।

আমাদের আশা, বাকি পরীক্ষাগুলোও ভালোভাবে সম্পন্ন হবে। এসএসসি ও সমমানের পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের প্রথম ধাপ। প্রথম ধাপের এ পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হলে শিক্ষার্থীরা পরবর্তী শিক্ষাজীবনের জন্য উৎসাহিত হবে। আমরা বিশ্বাস করি, তাদের হাতেই গড়ে উঠবে একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ। এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা অংশগ্রহণ করছে তারা দেশের আগামীর কর্ণধার। তাদের হাতে বিনির্মাণ হবে দেশের ভবিষ্যৎ। তাদের প্রতি রইল শুভকামনা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular