রেজাউল করিম খান রাজু, ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ওজন কম দেওয়ার অপরাধে দুই মিষ্টি ব্যবসায়ী থেকে জরিমানা আদায় করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল আলম রেজভী।
আজ সোমবার বিকাল (৮ এপ্রিল) ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার এলাকা অবস্থিত ‘ভাই ভাই মিষ্টিান্ন ভান্ডার’ এবং ‘মেসার্স জয়কালী মিষ্টান্ন ভান্ডার’ এ প্যাকেট জাতকরণের নামে প্রতি কেজিতে মিষ্টি কম দেওয়ার অপরাধে জরিমানা আদায় করেন আদালত।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফতেখারুল আলম রেজভী এ সময় জানান, খাদ্যে ভেজাল রোধে এবং অন্যান্য আইন ভঙ্গের দায়ে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়, জনস্বার্থে যা অব্যাহত থাকবে।
জানাযায়, ২ কেজি মিষ্টি কিনলে প্রতি কেজিতে মিষ্টির প্যাকেট দেওয়া হয় একটি করে। প্রতি মিষ্টির প্যাকেটের ওজন ২০০ গ্রাম করে হলে তাতে মিষ্টি কম পাওয়া যায় ৪০০ গ্রাম। এই ৪০০ গ্রাম মিষ্টির বাজার মূল্য ৬০ টাকা। এই ৬০ টাকা মিষ্টির প্যাকেট বাবদ নেওয়া হচ্ছে, মিষ্টি পরিমাণে কম দেওয়া হচ্ছে। ভ্রাম্যমান আদালত সরেজমিনে এক একটি মিষ্টির বাক্সের গড় ওজন ২০০ গ্রাম করে পেয়েছেন।
