নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) সংসদীয় আসনের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে ১৩৯টি মামলা রয়েছে।
টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে টুকুর দেওয়া হলফনামায় এ তথ্য জানা গেছে। হলফনামায় দেখা গেছে, সালাউদ্দিন টুকুর নামে ২০১২ সাল থেকে ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দায়েরকৃত ১৩৯টি মামলা হয়েছে। এর মধ্যে ৮২টি মামলা বিচারাধীন এবং ৫৭টি মামলা তদন্তাধীন।
এছাড়াও এসময়ে দায়েরকৃত আরও ২৯টি মামলার কার্যক্রম উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। মামলাগুলোর বেশিরভাগই ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় দায়ের করা হয়েছে। বিস্ফোরকদ্রব্য আইন, সন্ত্রাস দমন আইন, দ্রুত বিচার আইন ও বিভিন্ন ফৌজদারি দণ্ডবিধিতে মামলাগুলো দায়ের করা হয়েছে। এছাড়া অতীতে সালাউদ্দিন টুকুর নামে চারটি মামলা হলেও সবগুলো থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। গত মে মাস থেকে কারাগারে রয়েছেন টুকু।
এছাড়া এ আসনে তার ভাই জেলা বিএনপির সভাপতি শামছুল আলম তোফার বিরুদ্ধেও বর্তমানে দু’টি মামলা চলমান রয়েছে। অতীতে একটি অস্ত্র মামলায় সাজা হয়েছিল। পরবর্তীতের দণ্ড মওকুফ করা হয়েছে।
শামসুল আলম তোফা জানান, বর্তমান সরকার আসার পর তার ভাই সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে বিভিন্ন থানায় একের পর এক হয়রানি মামলা দায়ের করা হয়েছে। সরকারবিরোধী আন্দোলনে যেন অংশ নিতে না পারেন সেজন্য এ মামলাগুলো করা হয়েছে।
এদিকে এ আসনে আওয়ামী লীগের দুই প্রার্থী তানভীর হাসান ছোট মনির ও বর্তমান সংসদ সদস্যর ছেলে খন্দকার মশিউজ্জামান রোমেলের বিরুদ্ধে কোনো মামলা নেই।
