Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমান আর নেই

নিজস্ব প্রতিনিধি: টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও শিক্ষাবিদ মীর মাজেদুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তার বড় মেয়ে আমেরিকা প্রবাসী মীর শামছুন্নাহার শিরিন জানান, বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মীর মাজেদুর রহমান মারা যান।

এর আগে তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মীর মাজেদুর রহমান ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের টানা তিনবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন তিনি।

সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, স্কুল-কলেজ-মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন ও উন্নয়নে ভূমিকা রাখেন। টাঙ্গাইল জেলায় রেললাইন সংযোগের প্রথম উদ্যোক্তা হিসেবেও তার ভূমিকার কথা উল্লেখ করা হয়।

১৯৩৪ সালে টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন মীর মাজেদুর রহমান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়া সোভিয়েত রাশিয়ার প্যারালস্কায়া বিশ্ববিদ্যালয় থেকে সমাজ উন্নয়ন ও গ্রামীণ অবকাঠামো বিনির্মাণ বিষয়ে বিশেষ ডিগ্রি লাভ করেন।

শিক্ষাজীবন ও কর্মজীবনে তিনি ধরেবাড়ী মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, টাঙ্গাইল জেলা শিক্ষক সমিতির সভাপতি, টাঙ্গাইল জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি, টাঙ্গাইল ল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এবং আনুহলা মেজর জেনারেল মাহমুদুল হাসান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি টাঙ্গাইল থানা উন্নয়ন কমিটির চেয়ারম্যান, টাঙ্গাইল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের তিনবারের সভাপতি এবং বাংলাদেশ পাট চাষী সমিতির দুইবারের সভাপতি ছিলেন।

প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মনোনীত টাঙ্গাইল বিএনপির প্রথম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন মীর মাজেদুর রহমান।

সরকারি প্রতিনিধি হিসেবে তিনি লন্ডন, বেলজিয়াম, ইরান, সুদান ও সৌদি আরবসহ বিভিন্ন দেশ সফর করেন।

RELATED ARTICLES

Most Popular