নিউজ ডেস্ক: বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাসে অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১ জানুয়ারি) রাবনা বাইপাসের সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গাঁজা জব্দ ও দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বগুড়া জেলার আদমদিঘী উপজেলার তেতুলিয়া গ্রামের মাহাতাব আলীর ছেলে রফিকুল ইসলাম (২৪) ও একই উপজেলার ডোহারপুর গ্রামের আয়ুব আলী মন্ডলের ছেলে শাহীন মন্ডল(১৯)।
র্যাব-১২ জানায়, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রাবনা বাইপাস এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৬ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় ৭ হাজার টাকা ও পাঁচটি মোবাইল ফোন এবং ৯টি সিম কার্ডসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা থেকে গাঁজা এনে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী সরবরাহ করছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত গাঁজার বাজার মূল্য ৬ লাখ ৪৪ হাজার টাকা বলেও র্যাব জানায়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।