বুধবার, আগস্ট ১৯, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে প্রবেশপত্রের জন্য এইচএসসি পরীক্ষা দিতে পারবেন না রাব্বি

টাঙ্গাইলে প্রবেশপত্রের জন্য এইচএসসি পরীক্ষা দিতে পারবেন না রাব্বি

নিউজ টাঙ্গাইল ডেস্ক: অতিরিক্ত টাকা দিয়েও রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র না পাওয়ায় টাঙ্গাইলে এক কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে রাব্বি মিয়া নামের এক শিক্ষার্থী। তিনি কালিহাতী উপজেলার শাহজাহান মিয়ার ছেলে।

সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থী রাব্বি বলেন, আমি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম বিএম স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। আমার কলেজের যাবতীয় টাকা পরিশোধ করা আছে। গত বর্ষ পরিবর্তনের পরীক্ষার সময় প্রবেশপ্রত্র সংগ্রহ করতে গেলে কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম স্যার রাজিব হোসেন নামে অন্য এক ছাত্রের প্রবেশপত্র আমাকে দেন। প্রবেশপত্রটি আমার নয় বিষয়টি অধ্যক্ষকে জানালে তিনি আমাকে বলেন এই প্রবেশপত্র দিয়ে তুমি পরীক্ষা দাও তোমার কোনও সমস্যা হবে না। পরীক্ষা শেষে অন্য শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ হলেও আমি কোনও ফল পাইনি। বিষয়টি আমি অধ্যক্ষকে জানালে তিনি সমস্যার সমাধান করার আশ্বাস দেন। কিন্তু সমস্যা সমাধানের জন্য তিনি অতিরিক্ত টাকা দাবি করেন।

পরে রাব্বি তার চাহিদা অনুযায়ী অতিরিক্ত টাকা দেন। এরপরও অধ্যক্ষ কাগজপত্র ঠিক করে দিতে পারেনি। ফলে রাব্বির এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হচ্ছে না।

সংবাদ সম্মেলনে রাব্বি মিয়া আরও বলেন, আমি ছাড়াও আরও বেশ কয়েকজনের এমন সমস্যা হয়েছে।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে রাব্বি মিয়ার বাবা শাহজাহান মিয়া বলেন, আমার ছেলে কোনও অপরাধ করেনি। তাহলে কেন অধ্যক্ষ স্যার এমন করেছেন। আমি এর সঠিক বিচার চাই। এ ব্যাপারে আমি শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular