শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে মাদ্রাসায় শিশু শিক্ষার্থী বলাৎকার, অভিযুক্ত শিক্ষক-পরিচালক গ্রেফতার

টাঙ্গাইলে মাদ্রাসায় শিশু শিক্ষার্থী বলাৎকার, অভিযুক্ত শিক্ষক-পরিচালক গ্রেফতার

টাঙ্গাইলের মির্জাপুরে মারকাজুল উম্মা হাফেজিয়া মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আল-আমিন ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো. মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভিকটিম শিশু শিক্ষার্থীর মা মির্জাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসার পরিচালককে গ্রেফতার করে।

অভিযোগ সূত্রে জানা যায়, মির্জাপুর পৌরসভার বংশাই রোডে একটি ভাড়া ভবনে মারকাজুল উম্মা হাফেজিয়া মাদ্রাসা পরিচালিত হচ্ছিল। এখানে দুই শতাধিক শিশু শিক্ষার্থী আবাসিকে থেকে পড়াশোনা করে। নির্যাতনের শিকার নাজেরা শাখার শিশু শিক্ষার্থীকে মাদ্রাসার একটি কক্ষে নিয়ে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন শিক্ষক হাফেজ মাওলানা আল-আমিন। পরে অসুস্থ হয়ে পড়লে শিশু ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়।

পরে শুক্রবার সকালে শিশুটির মা মির্জাপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষক আল-আমিন এবং মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মো. মনিরুজ্জামান মনিরকে গ্রেফতার করে।

ঘটনার খবর পেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাদ্রাসাটি বন্ধ করে দেওয়া হয় এবং ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে মির্জাপুর থানার ডিউটি অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

RELATED ARTICLES

Most Popular