নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধাকে’ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার বৃষ্টি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে ও গোবিন্দাসী ইউনিয়ন যুবদলের সদস্য মাহমুদুল হাসান (৩৪)।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই যোদ্ধা’ এবং উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ‘জুলাই যোদ্ধা’ পরিচয় ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। বিভিন্ন সময় ওই পরিচয়ের প্রভাব খাটিয়ে প্রশাসনকে চাপে রাখার চেষ্টাও করতেন বলে অভিযোগ রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক রাইজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গার একটি হোটেলসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
