পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং একই গ্রামের মো. আশরাফুল ইসলাম আশরাফের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তারা স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে গোসল করতে নামে শিশুরা। একপর্যায়ে তাদের একজন পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পরপর আরও দুজন পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে দ্রুত সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।
তিন শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দাশপাড়া গ্রামে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
