Homeদেশের খবরফটিকছড়িতে শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টা : পুত্রবধূ গ্রেফতার

ফটিকছড়িতে শাশুড়িকে কুপিয়ে হত্যার চেষ্টা : পুত্রবধূ গ্রেফতার

ফটিকছড়ি উপজেলার ধর্মপুরে শাশুড়িকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে আকলিমা আক্তার নামে এক পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের টুনা গাজির বাড়িতে এ ঘটনা ঘটে। পুত্রবধূর হামলায় শ্বাশুড়ি শাহেদা বেগম (৫৩) গুরুতর আহত হন। তার মাথায় একাধিক কাটা ও রক্তাক্ত জখম হয়েছে।
পরে স্থানীয়রা আহত শাহেদা বেগমকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। বর্তমানে তিনি চমেক চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ জুন প্রবাসী মঈন উদ্দিন ফয়সালের সঙ্গে আকলিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর স্বামী বিদেশ চলে গেলে আকলিমা শাশুড়ি শাহেদা বেগমের সঙ্গে একই বাড়িতে বসবাস করে আসছিল।

এজাহারে উল্লেখ করা হয়, ১৪ সেপ্টেম্বর রাতে খাবার শেষে শাহেদা বেগম ও আকলিমা একই ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ১টার দিকে ঘুমন্ত অবস্থায় শাহেদা বেগমের ওপর আকলিমা ধারালো ছুরি নিয়ে হামলা করে। এ সময় তার মাথায় উপর্যুপরি আঘাত করা হয়। এতে মাথার বিভিন্ন স্থানে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়।
একপর্যায়ে, আত্মরক্ষার জন্য শাহেদা বেগম আকলিমার হাতে কামড় দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে।

এ ঘটনায় শাহেদা বেগমের মেয়ে ফারজানা আকতার পপি বাদী হয়ে তার ভাইয়ের স্ত্রী আকলিমা আক্তারকে আসামি করে ফটিকছড়ি থানায় হত্যাচেষ্টা মামলা করে। মামলা দায়েরের পর ১৫ সেপ্টেম্বর আকলিমাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়।

পরিবারের সদস্যদের দাবি, অন্য কারও সঙ্গে সম্পর্কের বিষয়কে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে আকলিমার বাবা। তার দাবি, মেয়ের সঙ্গে অন্য কারো কোনো সম্পর্ক নেই।

ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার সুমন দে বলেন, “এ ঘটনায় হত্যাচেষ্টা মামলা দায়ের হয়েছে। মামলার আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular