নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাটিয়া গ্রামের মোতালেবের ছেলে ইউসুব আলী (৪২), পাবনার ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা গ্রামের আব্দুর রহমানের ছেলে নুরুল ইসলাম (৩৬), টাঙ্গাইল সদর উপজেলার কাঠুয়া যুগনী গ্রামের আলী হোসেনের ছেলে মো. জুয়েল (৩১), একই গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে মো. ইদুল মিয়া (২০) ও মো. সুরুত আলীর ছেলে সহিদুল ইসলাম(৩০) এবং ধীতপুর গ্রামের মো. জহর আলীর ছেলে সিরাজুল ইসলাম (৩০)।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ৬ জনকেই দুই দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর থানা আমলী আদালতের বিচারক ফারজানা হাসনাত ওই রিমাণ্ড মঞ্জুর করেন। এরআগে সোমবার রাতে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস থেকে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে পুলিশ গ্রেপ্তার করে।
এ বিষয়ে আদালতের পরিদর্শক তানবীর আহমেদ জানান, টাঙ্গাইল সদর থানা পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করে ৭ দিনের রিমাণ্ড আবেদন করে আদালতে পাঠায় পুলিশ। পরে আদালত শুনানী শেষে ৬ ডাকাতের প্রত্যেকের দুই দিন করে রিমাণ্ড মঞ্জুর করেছেন।
এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর ৪-৫ জন ডাকাত দৌঁড়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি সুইস গিয়ার ছুঁরি, একটি শাবল ও গাড়ি থামানোর জন্য রশি সহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ডাকাতির কাজে ব্যবহৃত হলুদ ও নীল রংয়ের একটি মিনিট্রাকও (ঢাকা মেট্র-ড-১২-৩৩৮৩) জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়।
