ফরমান শেখ- নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকামুখী যানবাহনের চাপ শনিবার (৭ মে) সকাল থেকেই বাড় থাকে। দুপুর ও বিকালে যানবাহনের চাপ আরও বেড়ে যায়।
যার ফলে সন্ধ্যা থেকে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ১৪ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়।
এরপর রাত সাড়ে ১০ টার দিকে এলেঙ্গা যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। এরফলে সেতু পূর্ব-ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়ক সড়কেও চলছে অসংখ্য যানবাহন।
এদিকে, কোথাও থেমে থেমে আবার কোথাও ধীরগতিতে চলছে যানবাহন। ফলে গন্তব্যের উদ্দেশ্যে ঢাকাগামী যাত্রী ও চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জানা গেছে, প্রায় ১৪ কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগছে ২ থেকে ৩ ঘন্টা। রাতের বেলাতেও সড়কের বিভিন্ন স্থানে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যাত্রীদের।
অপরদিকে, মহাসড়কে বাস না পেয়ে খোলা ট্রাক, পিকআপ, সিএনজি ও মোটরসাইকেলে অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে যাচ্ছেন রাজধানীমুখি মানুষ।
এলেঙ্গা হাইওয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, সড়কে যানবাহনের চাপ বেড়েছে। এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।
তিনি আরও জানান, অনেক জায়গায় ধীর গতিতে চলছে যানবাহন। তবে কোথাও যানজট নেই। মহাসড়কে পুলিশ কাজ করছে।
