শাকিব খানকে নিয়ে নির্মাতা হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনানের নতুন সিনেমা ‘মহব্বত’।বৃহস্পতিবার (১ অক্টোবর) সিনেমাটির নাম ঘোষণা করেন নির্মাতা। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।
নাম ঘোষণার পর থেকেই ‘মহব্বত’-এর নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্টারে কালো পোশাক পরা এক পুরুষের সাথে সাদা পোশাকে এক নারীকে দেখা গেছে। পুরুষটির হাতে আগ্নেয়াস্ত্র এবং পরনে কালো লম্বা কোট থাকলেও পোস্টারে নারীর পরিচয় উল্লেখ করা হয়নি।
এদিকে বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, ‘মহব্বত’-এর নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশানের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে একাধিক অভিনয়শিল্পীর সাথে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে বলেও জানা গেছে। পাশাপাশি ভারতের দুই জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে। তবে এখনো কারও সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি।
নায়িকা নির্বাচনের বিষয়ে পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান আপাতত কোনো মন্তব্য করতে চাইছেন না। তারা জানিয়েছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হবে। ফলে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে শেষ পর্যন্ত কে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন, তা জানতে অপেক্ষা করতে হবে সেই ঘোষণার জন্য।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরু হবে।
শাকিব খানকে নিয়ে হিমেল আশরাফ ও আরশাদ আদনানের এটি তৃতীয় সিনেমা। এর আগে এই জুটি শাকিবকে নিয়ে ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমা নির্মাণ করেছেন।
