নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজিব আহমেদকে আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে ৬ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। তারা হলেন খান রফিক, আজাদ হিরা, আবু শিহাব, জামিল আহমেদ, রাসেল আল মামুল ও ফরিদুল ইসলাম ফরিদ।
বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল ১০১ সদস্য বিশিষ্ট সখীপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি আনুমোদন করেন। এদিকে কমিটি গঠনের খবর সখীপুরে ছড়িয়ে পড়লে শহরে উত্তেজনা দেখা দেয়। রাত পৌনে আটটায় কমিটি বাতিলের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও স্থানীয় মুখতার ফোয়ারা চত্বরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষোব্দ নেতাকর্মীরা। এ সময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ ও তাঁকে সখীপুরে অবাঞ্ছিত ঘোষনা করেন বিক্ষোব্দ নেতাকর্মীরা। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সরকারী মুজিব কলেজ ছাত্রলীগের ভিপি আঃ রউফ, জিএস রাসেল আল মামুন, পৌর ছাত্রলীগের আহবায়ক সোহেল সিকদার, মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ, শাহীন আহমেদ প্রমূখ।
এ প্রসঙ্গে সখীপুর উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আরিফ সরকার বলেন, টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক কমিটিই মেয়াদউত্তীর্ন তাদের কোন উপজেলা কমিটি অনুমোদনের এখতিয়ার নেই। ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী যার বয়স ২৯ বছরের বেশী সে ছাত্রলীগের নেতৃত্বে আসতে পারেনা। এবং যাকে আহবায়ক করে কমিটি ঘোষনার কথা শুনছি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ২৯ বছর ১১মাস ৮ দিন, এই কমিটি গঠনতন্ত্র পরিপন্থি এবং অবৈধ।
টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের এবং সখীপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ শওকত সিকদার এবং পৌর মেয়র আবু হানিফ আজাদের নির্দেশক্রমে সম্মেলন প্রস্তুত করার জন্য তিনমাস মেয়াদী ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।