টাঙ্গাইলের সখীপুরে স্ট্রোকে মারা যাওয়া এক ব্যক্তির জানাজা শেষে বাড়ি ফেরার পর এক কিশোর স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ী টানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে যাদবপুর গ্রামের রাঙ্গু মিয়া নামে এক ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। তার জানাজা নামাজে অংশ নিয়ে বাড়ি ফেরার পর বেড়বাড়ী টানপাড়া গ্রামের মিজান স্ট্রোকে আক্রান্ত হন। পরে স্বজনরা তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বেড়বাড়ী দাখিল মাদরাসা মাঠে মিজানের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
