গাজীপুরে সাত পোশাক কারখানার দশজন শ্রমিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হাসপাতাল ও হোম আইসোলেশনে রয়েছেন।
শুক্রাবার গাজীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহীন এ কথা জানান।
তিনি বলেন, “কোভিড-১৯ শনাক্ত ছয় পোশাক শ্রমিক হোম আইসোলেশনে রয়েছেন। তাদের মধ্যে দুইজনের ময়মনসিংহে অবস্থানকালে নমুনা পরীক্ষায় এ রোগ শনাক্ত হয়। পরে তারা ওই অবস্থায় গাজীপুরে চলে আসে।
“বাকি চারজন গত ২২ এপ্রিল সুনামগঞ্জ জেলায় নমুনা পরীক্ষা করে। পরে ৫ মে তাদের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।”
শাহীন বলেন, সুনামগঞ্জের চারজন যে দুটি কারখানায় তিনদিন কাজ করেছেন তাদের সংস্পর্শে আসা শ্রমিকদের নামের তালিকা বৃহস্পতিবার কর্তৃপক্ষের কাছে চাওয়া হয়েছে। পরে তাদের নমুনা সংগ্রহ করা হবে। আর এ চারজন যে বাড়িতে অবস্থান করছেন বৃহস্পতিবার ওই বাড়ির আরও ছয়জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার বলেন, শুক্রবার পর্যন্ত গাজীপুরে সাত পোশাক কারখানার দশজন শ্রমিক কোভিড-১৯ শনাক্ত হয়েছে। গত ২৬ এপ্রিল প্রথম জয়পুরহাট জেলার এক পোশাক শ্রমিক আক্রান্ত হলে তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এরপর ১ মে নওগাঁ জেলার এক শ্রমিককে টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে, ২ মে রংপুর জেলার একজন ও ৬ মে লালমনিরহাট জেলার এক শ্রমিককে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও আরও ৬ আক্রান্ত শ্রমিক হোম আইসোলেশনে রয়েছেন বলে জানান তিনি।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।